বাগেরহাটে একটি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং কথিত পীর নিজের দুই স্ত্রী ও চার সন্তানকে বছরের পর বছর ঘরে বন্দী করে ধর্মের নামে নির্যাতন চালিয়ে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ শহরের সরুই এলাকায় শেখ নূর মোহাম্মদ (৭০) নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া নারী ও শিশুদের পারিবারিক সুরক্ষা আইনে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তবে শেখ নূর পালিয়ে যেতে সক্ষম হন।
উদ্ধার হওয়া নারী ও শিশুরা হলো, শেখ নূরের প্রথম স্ত্রী কুলসুম বেগম (৫৮), দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার (৩৫), প্রথম স্ত্রীর মেয়ে ফাতেমা আক্তার (৩৫), ছোট স্ত্রীর দুই মেয়ে ও এক ছেলে সালমা আক্তার (১১), নূর জাহান (৬) ও মাহাবুব বিল্লাহ (৩)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বলেন, ওই পরিচালকের ছেলে শেখ বাকি বিল্লাহর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালানো হয়। উদ্ধারের পর শেখ নূরের দুই স্ত্রী ও বড় মেয়ে গতকাল বিকেলে বাগেরহাট মুখ্য বিচারিক হাকিম আবু তাহেরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাকি বিল্লাহ বলেন, তাঁর বাবা অত্যন্ত রক্ষণশীল। তিনি শহরের পাশে ষাটগম্বুজ ইউনিয়নের মেহগনিতলা এলাকায় নিজ জমিতে একটি মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করেন। সেটি পরিচালনার পাশাপাশি তিনি নিজেকে পীর বলে দাবি করতেন। কিন্তু তাঁদের বাড়িতে কাউকে ঢুকতে বা বাড়ি থেকে কাউকে বের হতে দিতেন না তিনি। শেখ নূর বাইরে যাওয়ার সময় বাড়ির জানালাবিহীন বসতঘরের দরজায় তালা দিয়ে যেতেন। তাঁর মা কুলছুম বেগমের সঙ্গে প্রায় ৪১ বছর আগে তাঁর বাবার বিয়ে হয়। মায়ের কাছে শুনেছেন, এরপর থেকে তিনি বন্দীজীবন কাটাচ্ছেন। এমনকি বাবার মৃত্যুর পরও তাঁকে বাবার লাশ দেখতে যেতে দেননি শেখ নূর।
বাকি বিল্লাহ আরও বলেন, বিভিন্ন সময় শেখ নূর মোট চারটি বিয়ে করেন। প্রায় ১৫ বছর আগে শেষ বিয়ে করেন পারভীন আক্তারকে। তাঁকেও একইভাবে গৃহবন্দী করে রাখা হয়। তাঁর মায়ের ওপর নির্যাতন দেখে বাবার অন্য দুই স্ত্রী পালিয়ে গেছেন বলেও জানান বাকি।
কুলছুম বেগম জবানবন্দিতে বলেন, পর্দার নামে বিয়ের পর থেকেই ঘরে তালাবদ্ধ থাকতে হয়েছে তাঁকে। বছর দুই আগে তাঁর ছেলে বাকি বিল্লাহ মেজো মেয়েকে কৌশলে বাড়ি থেকে বের করে খুলনায় নিয়ে বিয়ে দেন। এতে তাঁর স্বামী ক্ষিপ্ত হয়ে লোক দিয়ে ছেলেকে হত্যারও চেষ্টা করেন।
পারভীন বলেন, বিয়ের পর বন্দী থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে দুই বছর আগে একবার তিনি পালিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু মুরিদদের সহায়তায় স্বামী তাঁকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রাখেন।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক শেখ শহিদুল ইসলাম বলেন, নূর মোহাম্মদের ছেলে বাকি বিল্লাহ গত ২৬ জুন পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাদিয়া আফরোজ সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান। গতকাল দুপুরে উদ্ধার করা নারী ও শিশুদের আদালতের মাধ্যমে বাগেরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।