ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া কাঁচামাল ব্যবসায়ী কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। কামালের স্ত্রীও বলেছেন, গত পয়লা বৈশাখে স্বামী-সন্তানসহ তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন।
মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার খাঁজে দেওয়ান প্রথম লেন থেকে কামালকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। একই সঙ্গে মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করেছিল, কামাল তাঁদের একজন বলে দাবি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গতকাল শুক্রবার কামালের রিমান্ডের প্রথম দিন অতিবাহিত হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল প্রথম আলোকে বলেন, রিমান্ডে কামাল নারী লাঞ্ছনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে সেদিন বর্ষবরণে উৎসবে যোগ দিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডিও ফুটেজে বাকি সাতজনের ছবি দেখালে তিনি তাঁদের চেনেন না বলে জানান। ওই দিন নারী লাঞ্ছনা হয়েছে কি না, তাও তিনি জানেন না বলে দাবি করেন।
কামাল সপরিবারে ৭৭ খাঁজে দেওয়ান প্রথম লেনের নিচতলায় থাকেন। গতকাল সেখানে গেলে স্বজন ও প্রতিবেশীরা দাবি করেন, কামাল নারী লাঞ্ছনার মতো ঘটনায় জড়িত থাকতে পারেন না। এ রকম ঘটনা ঘটালে তিনি পালিয়ে যেতেন।
ওই বাসায় গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে কামালের স্ত্রী সাহিদা বেগম বলেন, প্রতিবছরের মতো গত পয়লা বৈশাখে তাঁরা স্বামী-স্ত্রী বর্ষবরণ উৎসবে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন। এক বছরের শিশুসহ সঙ্গে তাঁদের আরেক সন্তান ছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে মানুষের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তিনি তাঁর স্বামীর (কামাল) কোল থেকে তাঁদের এক বছরের শিশুটি নেন এবং ছয় বছরের মেয়ে নাবিলা তাবাসসুমকে হাতে ধরে ভিড় থেকে বের হওয়ার চেষ্টা করেন। কামাল তাঁদের সেখান থেকে বের হতে সহায়তা করছিলেন। ভিড়ের কারণে তাঁরা পরস্পর আলাদা হয়ে যান। কিছুক্ষণ পর খোঁজ করার একপর্যায়ে তাঁদের পান। এরপর তাঁরা সেখান থেকে সরাসরি বাসায় ফিরে আসেন। টিএসসি এলাকায় যাওয়ার কারণে হয়তো অনেকের মতো তাঁর স্বামীর ছবিও সিসি ক্যামেরায় ধরা পড়েছেন।
সাহিদা বেগম বলেন, ১২-১৩ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁর স্বামীর চরিত্র নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। তাঁর স্বামী কোনোভাবেই এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত নন বলে দাবি সাহিদার। কামালের বৃদ্ধ মা (এক পা ভেঙে গেছে) আছিয়া খাতুন বিছানায় বসে কাঁদছিলেন ছেলের জন্য। তিনি দাঁড়াতে পারেন না। কামাল তাঁকে বাথরুমে আনা-নেওয়া করতেন। কামাল মহল্লায় একটি দোকান নিয়ে তরকারি বিক্রি করে সংসার চালাতেন। এখন তাঁর মতো সংসারটিও অচল হয়ে গেছে। মায়ের বিশ্বাস, তাঁর ছেলে কোনো খারাপ কাজে জড়িত নন।
কামালের বড় ভাই মো. বাদল বলেন, সোমবার সন্ধ্যায় বাচ্চাকে কোলে নিয়ে কামাল বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে এক লোক তাঁকে ধরে নিয়ে যায়। চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়ে তিনি বলেন, কামাল ডায়াবেটিস ও মস্তিষ্কের আঘাতজনিত সমস্যায় ভুগছেন। পুলিশের ছবির সঙ্গে তাঁর ভাইয়ের ছবির মেলার কথা নয়। তবে তাঁদের কাছে কামালের কোনো ছবি নেই, যার সঙ্গে মিলিয়ে দেখা যেত। বাদল বলেন, তাঁরা এ ব্যাপারে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন।
খাঁজে দেওয়ান প্রথম লেন পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ হাজি মো. সোহরাব ও ওই মহল্লার বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘কামাল দোষী হলে ঘটনার পর এলাকা ছেড়ে পালাতেন। কিন্তু সেটা তিনি করেননি। সেদিন হাজার হাজার মানুষ টিএসসি এলাকায় ছিলেন। দোষী সাব্যস্ত করার মতো পুলিশের ছবিতে এমন কিছু পাওয়া যায়নি। তাঁদের সামনে বেড়ে উঠেছেন। তাঁদের কাছে কিংবা থানায় কখনো তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি। তাঁর আচরণ খারাপ হলে আমরা তাঁর পাশে এসে দাঁড়াতাম না।’
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ লাঞ্ছনাকারীদের ভিডিও ফুটেজ প্রকাশ করে তাঁদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করার পর গ্রেপ্তার হওয়া কামাল দাড়ি কেটে পালিয়ে গিয়েছিলেন। তাঁকে পুলিশ চিনতে পারবে না ভেবে পরে এলাকায় ফিরে এলেও লুকিয়ে থাকতেন। তবে পুলিশের নিয়োগ করা সোর্স তাঁকে চিনে ফেলেন। তিনি বলেন, কামাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও ঘটনার সময় উপস্থিত বলে জানিয়েছেন। তাঁর কথার সত্যতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত বছরের পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।