স্থগিত ওয়ার্ডের নির্বাচনে মান্নান ও নাজনীন জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা পরিষদের স্থগিত ১১ নম্বর (মহম্মদপুর-বালিদিয়া ইউপি) ওয়ার্ডে ও সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে গতকালের নির্বাচনে যথাক্রমে আবদুল মান্নান ও নাজনীন রব্বানী জয়ী হয়েছেন।
১১ নম্বর ওয়ার্ডে ২৯ ভোটের মধ্যে আবদুল মান্নান পেয়েছেন ১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাহাবুবর রহমান পেয়েছেন ১৩ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী তিন ওয়ার্ড মিলে পেয়েছেন ৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা নাসরিন ১১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে কোনো ভোট পাননি। তিনি আগে অনুষ্ঠিত নির্বাচনে দুটি কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছিলেন। স্থগিত হওয়ায় সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদের ফল ঝুলে ছিল। ৪ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য আসন তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। গত ২৮ ডিসেম্বর দুটিতে নির্বাচন হয়। স্থগিত বাকি একটিতে (১১ নম্বর ওয়ার্ড) গতকাল নির্বাচন অনুষ্ঠিত হলো।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নবগঠিত মহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে বিরোধের জেরে উচ্চ আদালতে একটি রিট করেন। গত ২৭ ডিসেম্বর ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচন স্থগিত করেন আদালত। ওই রিটের নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন পুনরায় ২৩ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে। মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্বল্পসংখ্যক ভোটারের এই ভোটে ছিল বড় ভোটের আমেজ ও উত্তেজনা। ভোটকেন্দ্র ও এর আশপাশে প্রচুর দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছিল র্যা ব ও পুলিশের সতর্ক অবস্থান। প্রধান দুই প্রার্থী ভোটার টানার জন্য বড় অঙ্কের টাকা লেনদেন করেছেন বলে একজন প্রার্থী অভিযোগ করেন।
যোগাযোগ করা হলে বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী বিজয়ীদের ফলাফল নিশ্চিত করেছেন।