স্থগিত করার পর পছন্দের লোককে পুকুর ইজারা
রাজশাহীর বাগমারায় সরকারি চারটি পুকুরের ইজারা দুপুরে স্থগিত করার পর বিকেলে পছন্দের দুই ব্যক্তিকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, বাগমারার ১০টি সরকারি খাস পুকুর ইজারার জন্য গত ৩০ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ছয়টি আউচপাড়া ইউনিয়নের কোন্দা ও চারটি পুকুর বাসুপাড়া ইউনিয়নের খয়রা গ্রামে রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত বুধবার ছিল উন্মুক্ত নিলামের দিন। ওই দিন নিলামে অংশ নেওয়ার জন্য লোকজন উপজেলা ভূমি কর্মকর্তার দপ্তরে জামানত জমা দেন। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে নিলামের প্রক্রিয়া শুরু হয়। ওই সময়ে কোন্দা গ্রামের ছয়টি পুকুর সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়। তবে খয়রা গ্রামের চারটি পুকুরের নিলাম ডাক স্থগিত করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
নিলামে অংশগ্রহণকারী সাতজন অভিযোগ করেন, দুপুরে নিলাম স্থগিত করার পর জামানত জমা দেওয়া ১৬ ব্যক্তি ফিরে যান। কিন্তু বিকেলে গোপনে ওই পুকুর চারটি কর্তৃপক্ষের পছন্দের দুই ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছে। খয়রা গ্রামের আবদুস সাত্তার ও শহিদুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে উন্মুক্ত নিলাম ডাকের জন্য জামানত নেওয়ার পরেও তাঁদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। দুপুরে চারটি পুকুরের নিলাম স্থগিত ঘোষণা করে বিকেলে গোপনে কম দামে একটি রাজনৈতিক দলের স্থানীয় দুই নেতাকে ইজারা দেওয়া হয়েছে। একই গ্রামের খলিলুর রহমান অভিযোগ করেন, কম দামে পুকুর চারটি ইজারা দেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা দেওয়া হলে সরকার আরও দুই থেকে আড়াই লাখ টাকা বেশি রাজস্ব পেত।
উপজেলা ভূমি কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুকুর চারটি গত বছরের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেশি মূল্য দেখিয়ে ইজারা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দরপত্র কমিটির সদস্যসচিব ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ বলেন, ‘ডাকটি পরিচালনা করেছেন ইউএনও, তাঁর সঙ্গে কথা বলেন।’
দরপত্র কমিটির সভাপতি ইউএনও তরিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উন্মুক্ত ডাকে যদি কেউ অংশগ্রহণ করতে না পারেন তাহলে সেটা উন্মুক্ত হলো কীভাবে।’ যাঁরা ইজারা পাননি তাঁরা এ ধরনের অভিযোগ করতে পারেন। তবে এ ধরনের কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।