টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে সখীপুর উপজেলার স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার ভোট গ্রহণ করা হবে। গত ২৯ মার্চ এ আসনের উপনির্বাচনে ১১৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও ওই কেন্দ্রে কারচুপির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ভোট গ্রহণের আগের দিন রাতেই ওই কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়। ২৯ মার্চ ভোটের দিন ভোটাররা ভোট দিতে না পেরে ওই কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন। পরে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন এবং তিনি নিজেই বাদী হয়ে প্রিসাইডিং কর্মকর্তা শুকুর মামুদসহ নির্বাচন সংশ্লিষ্ট ১৯ জনকে আসামি করে মামলা করেন।
ওই আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান দুই হাজার ২৩৬টি ভোট বেশি পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেকের চেয়ে এগিয়ে রয়েছেন।