স্থগিত কেন্দ্রে নির্বাচনের আগে অভিযানের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত কেন্দ্রগুলোতে নির্বাচনের আগে ওই সব এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কেন্দ্রে ভোট গ্রহণ এক দিনে না করে দুই দিনে করা যেতে পারে। ভোট গ্রহণের আগে প্রার্থীদের সহযোগিতায় ‘নির্বাচন কেন্দ্র সুরক্ষা কমিটি’ গঠন করতে হবে।
ভোট পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রাথমিক প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনে পরিস্থিতির ব্যাখ্যা দেওয়াসহ এসব সুপারিশ করে বলা হয়েছে, রোববারের নির্বাচনে সারা দেশে ৩৯ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে।
প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের প্রতিবেদনে উত্তরাঞ্চলের সহিংসতার ব্যাপারে বলা হয়, ভোট বর্জনের আহ্বান জানিয়ে এরশাদের নামে একটি আবেগময় প্রচারপত্র রংপুর এলাকায় উত্তাপ ছড়ায়। ওই প্রচারপত্রের কারণেই ওই অঞ্চলে সহিংসতা হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে রাতের বেলা ছিল ঘন কুয়াশা। এ কারণে হামলাকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববারের নির্বাচনী সহিংসতায় সারা দেশে মোট ১৭ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা ও আরেকজন আনসার সদস্য। বাকি ১৫ জনই জামায়াত-শিবিরের কর্মী। সহিংসতার কারণে আটটি আসনের ৫৪১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছে। স্থগিত কেন্দ্রের ভোটের পরিমাণ মোট ভোটের ২ দশমিক ৯৭ শতাংশ। স্থগিত কেন্দ্রে আবার ভোট গ্রহণের প্রস্তুতির ব্যাপারে বলা হয়, এসব কেন্দ্রে ভোট গ্রহণের সময় সেনাবাহিনী মোতায়েন রাখা যেতে পারে। তা ছাড়া ভোট গ্রহণের আগে সম্ভাব্য হামলাকারীদের তালিকা করে দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ; যশোরের মনিরামপুর; বগুড়ার গাবতলী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান চালানো যেতে পারে।
পুলিশ কর্মকর্তারা জানান, স্থগিত কেন্দ্রের নির্বাচন দুই দফায় নিতে বলা হয়। বিশ্ব ইজতেমার আগেই ভোট নেওয়ার কাজ শেষ করার প্রস্তাব করা হয়। এতে বলা হয়, ইজতেমার প্রথম দফা হবে ২৪ থেকে ২৬ জানুয়ারির মধ্যে, আর দ্বিতীয় দফা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে। তা ছাড়া ২৪ জানুয়ারি থেকে ঢাকায় শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের নিরাপত্তার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, র‌্যাব, পুলিশ ও বিজিবির পাহারার মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম এলাকায় পৌঁছার ব্যবস্থা করতে হবে। তা ছাড়া ভোট গ্রহণের আগের রাত থেকে ওই সব এলাকার পাহারা জোরদার করতে হবে।