স্থগিত কেন্দ্রে ভোট কাল
স্থগিত হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভা ও ২০টি পৌরসভার ৩৯টি কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার পুনরায় ভোট গ্রহণ করা হবে। একই সঙ্গে ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিন পৌরসভার তিনটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে দুজন করে প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও ভোট গ্রহণ করা হবে।
৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে গোলযোগের কারণে মাধবদী পৌরসভার ও ২০টি পৌরসভার ৩৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী কাল মাধবদী পৌরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। এ ছাড়াও ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় স্থগিত হয়ে যাওয়া কয়েকটি কেন্দ্রে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণ মেয়র নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কারণ এগিয়ে থাকা মেয়র প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। তবে কাউন্সিলর নির্বাচনে এই ভোট ভূমিকা রাখবে। এসব পৌরসভার মধ্যে রয়েছে যশোর, নড়ালের কালিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, জামালপুর ও একই জেলার সরিষাবাড়ী, নরসিংদী, চট্টগ্রামের চন্দনাইশ, চাঁদপুরের মতলব, কুমিল্লার বরুড়া, শরিয়তপুর, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের ভালুকা ও বরগুনা ।
দুই কাউন্সিলর প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ার কারণে ভোট গ্রহণ করা হবে চট্টগ্রামের চন্দনাইশের ৫ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুরের রামগতির ১ নম্বর এবং কুষ্টিয়ার কুমারখালীর ৯ নম্বর ওয়ার্ডে ।