স্থগিত কেন্দ্রে ভোট নেওয়া চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে স্থগিত হওয়া সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে আজ বুধবার ভোট নেওয়া শুরু হয়েছে।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই হাজার ৭০১ জন। ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটারের উপস্থিতি বেশ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী।
গত ২৯ মার্চ এই আসনে ভোট নেওয়া হয়। মোট ১১৭টি কেন্দ্রের মধ্যে ভোট কারচুপির অভিযোগে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার। বাকি ১১৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান নৌকা প্রতীকে ৭৩ হাজার ৫৬৫ ভোট পেয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেকের চেয়ে দুই হাজার ২৩৬ ভোটের এগিয়ে আছেন।
এদিকে ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করে অনুপম শাহজাহান সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ওই কেন্দ্রে এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ২০ জানুয়ারি এ আসনের সরকারদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়।