স্থগিত কেন্দ্রের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্থগিত ১৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। গতকাল রোববার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং গত শনিবার জেলা বিএনপির সভাপতির বাসভবনে পৃথক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থগিত ওই কেন্দ্রের ভোট গ্রহণ ১৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা।গতকাল দুপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু। এ সময় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম সেলিম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিএনপি-সমর্থিত প্রার্থী এখন থেকেই নানা হুমকি দিয়ে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করতে চাইছেন। শনিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান মেয়র পদপ্রার্থী হারুনুর রশীদ আজাদ। এ সময় তিনি বাকি তিনটি কেন্দ্রের গেজেট প্রকাশ না করে সেগুলোরও নির্বাচন দাবি করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে দশ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্থগিত কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোট গ্রহণ এবং নির্বাচন কমিশন সচিবালায়ের যেকোনো একজন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রদান।মো. হারুনুর রশীদ আজাদ অভিযোগ করেন, ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে সকাল থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ব্যালট ছিনতাই, কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়ম দেখে তিনি লিখিতভাবে রির্টানিং কর্মকর্তাকে জানিয়ে সকাল ১০টায় ভোট বর্জন করেন। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন ১৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত এবং বাকি আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে। ঘোষিত আট কেন্দ্রের ফলাফল বাতিলের জন্য রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু কমিশন হাইকোর্টের জবাব না দিয়ে ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়, যা পক্ষপাতমূলক।