দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনে বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের পর ভোট স্থগিত করা হয়। সেই কেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারি আবার ভোট গ্রহণের ঘোষণায় এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
উপজেলার ৮৮টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৪৬টি কেন্দ্রে আরারও ভোট গ্রহণ নিয়ে আরেক দফা সহিংসতার আশঙ্কা করছেন এলাকাবাসী। গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই আসন থেকে বিগত কয়েকটি নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় বিএনপির এলাকা হিসেবে পরিচিত এই উপজেলাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন ভোটাররা।
তবে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারির মতো ভোট প্রতিহতকারীদের ১৬ জানুয়ারির পুনর্ভোটের দিনে কোনো সহিংসতা বা ভোটকেন্দ্রে হামলার সুযোগ দেওয়া হবে না। কারণ, ভোট গ্রহণের আগেই ভোট প্রতিহতকারীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। পুলিশ সুপার বলেন, আগে প্রতিটি কেন্দ্রে দুজন করে পুলিশ মোতায়েন ছিল; এবার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২০ জন সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর চার স্তরের নিরাপত্তাবলয় থাকবে; থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৩টি ভ্রাম্যমাণ দল। প্রতি কেন্দ্রে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেট। সেনাবাহিনীর পাশাপাশি এবার ভোটকেন্দ্রের শৃঙ্খলায় থাকবেন সাত প্লাটুন বিজিবি সদস্য।
গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসন। ৫ জানুয়ারি গাবতলীর ৮৮টি ভোটকেন্দ্রের প্রায় সব কটিতে হামলার ঘটনা ঘটে। ভোটবিরোধীরা হাতবোমা, পেট্রলবোমা নিক্ষেপসহ প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসারকে মারধর করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে তা আগুনে পুড়িয়ে ফেলেন। এতে দুপুরের মধ্যে সব কেন্দ্রে ভোট ভন্ডুল হয়ে যায়। ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ-আনসার সদস্যরা ফিরে যান। ভোটবিরোধীরা একপর্যায়ে গাবতলী মডেল থানাতেও হামলা চালান। ভোটকেন্দ্র থেকে অক্ষত ব্যালট পেপার ফিরিয়ে আনা সম্ভব না হলেও পরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রে ‘নিয়মরক্ষার ভোট গ্রহণ’ দেখিয়ে অবশিষ্ট ৪৬টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। গাবতলী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থগিত কেন্দ্রগুলোতে নতুন করে ভোট গ্রহণের ঘোষণায় সাধারণ মানুষের এ উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। গাবতলী উপজেলার মধ্যকাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট ভন্ডুল হয়েছিল।
গতকাল মধ্যকাতুলী গ্রামের মৎস্যচাষি রফিকুল ইসলাম বলেন, ‘যতই পুলিশ-ম্যাজিস্ট্রেট দিক, র্যাব-সেনাবাহিনী আসুক—জানের ভয় কার না আচে। জান হারাবার জন্যি কেউ ভোট দিবা যাবি না।’ মাছপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট ভন্ডুল হয়ে যায়। গতকাল সেখানকার ভোটার জাহের আলী বলেন, ‘গন্ডগোলের ভটত য্যায়া কী হবি। ভোট দিলিও শেখ হাসিনা পরধানমন্ত্রী থাকপি, না দিলিও পরধানমন্ত্রী থাকপি, মাঝখান থ্যাকে হামরায় ভোট দিবির য্যায়া জানডা হারাবার জামু ক্যান?’