কালিয়াকৈর পৌরসভা নির্বাচন
স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ ২৯ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ভোটার তালিকায় ত্রুটি থাকায় নির্বাচন কমিশন আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে।স্থগিত হওয়ার আট মাস পর ওই কেন্দ্রগুলোর নির্বাচন ২৯ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের আটটি কেন্দ্রের ভোটার তালিকার গরমিলের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন আদেশে কালিয়াকৈর পৌরসভার স্থগিত করা ৭ ও ৮ নং ওয়ার্ডের আটটি ভোটকেন্দ্রের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে পরিপূর্ণ ফলাফল প্রকাশ করার আদেশ দিয়েছেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া আটটি ভোটকেন্দ্রে মেয়র, সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২৯ অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট বিভাগের আদেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, পৌরসভা নির্বাচন বিধিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দ্বারা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।