স্থগিত কেন্দ্রের ভোটের অপেক্ষায়
নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচনে স্থগিত হওয়া কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের ভোটের হিসাব নিয়ে নানা জল্পনা এখন পৌর এলাকা ছাড়িয়ে উপজেলার সর্বত্র। এই কেন্দ্রে ভোটার এক হাজার ৩৩০। ঘোষিত বাকি আটটি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১৪৮। ওই দুই প্রার্থী বিএনপি-সমর্থিত ফখরুল ইসলাম ও আওয়ামী লীগ-সমর্থিত জহিরুল হক গত মঙ্গলবার এই প্রতিনিধির কাছে দাবি করেন, স্থগিত হওয়া কেন্দ্র এলাকায় তাঁদের ভোট বেশি এবং সুষ্ঠু নির্বাচন হলে ওই কেন্দ্রে সর্বোচ্চসংখ্যক ভোট পাবেন। এযাবৎ ঘোষিত ফলাফলে জহিরুল হক ১৪৮ ভোটে এগিয়ে আছেন। গত ১৮ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।ওই কেন্দ্রের ভোটার এনায়েতপুর এলাকার দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা এখন বড় বিপদে আছি। কাকে খুশি করলে কে রাগ করেন। এ কারণে হয়তো ভোটকেন্দ্রেই যাওয়া হবে না।’ একই ধরনের মন্তব্য করেছেন ওই এলাকার শেখ আহম্মদ, মিজানুর রহমান ও জৈনদপুরের সফিকুর রহমানসহ বেশ কয়েকজন। রিটার্নিং কর্মকর্তা ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ‘ওই কেন্দ্রে নির্বাচন কবে হবে—তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’