স্থগিত তিন ওয়ার্ডে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮, ৩৪ ও ৫৩ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে নতুন করে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুলতান মিয়া, মীর সমীর ও নূর হোসেন। গতকাল সোমবার ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁদের বিজয়ী ঘোষণা করেন।
দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সুলতান মিয়া ও নূর হোসেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত এবং মীর সমীর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের দিন অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তা দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্র (কমলাপুর), ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আস্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে। নতুন নির্ধারিত তফসিল অনুযায়ী গতকাল এ তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
৮ নম্বর ওয়ার্ডে সুলতান মিয়া ৫ হাজার ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন পেয়েছেন ৩ হাজার ২৭ ভোট। গতকাল ভোট হওয়া কেন্দ্রে এই দুজন পেয়েছেন যথাক্রমে ৫৯৮ ও ১০ ভোট।
৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর সমীর ৪ হাজার ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুন পেয়েছেন ৩ হাজার ৭৮৭ ভোট। গতকাল দুই প্রার্থী পেয়েছেন যথাক্রমে ৩৬৬ ও ৯২৩ ভোট।
৫৩ নম্বর ওয়ার্ডে নূর হোসেন ৭ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৫৯২ ভোট। গতকাল তাঁরা পেয়েছেন যথাক্রমে ১৭৬ ও ১৫৮ ভোট।