স্থগিত থাকা ৪৪ মামলা নিষ্পত্তিতে পাঁচ বেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার বিচার ১৭ বছর ধরে স্থগিত হয়ে আছে। একই ট্রাইব্যুনালে বিচারাধীন অপর একটি মামলা নয় বছর ধরে স্থগিত। এই দুটিসহ স্থগিত হয়ে থাকা ৪৪টি মামলার তথ্য পেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। স্থগিত হয়ে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের পৃথক পাঁচটি বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন। তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছেন।
আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের কারণে এক বছর বা এর বেশি সময় ধরে অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম বন্ধ থাকা মামলার বিবরণ সুপ্রিম কোর্টে পাঠাতে প্রতিটি জেলা ও দায়রা জজ, সমপর্যায়ের আদালত ও ট্রাইব্যুনালে গত মাসে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা পাঠানো হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে পাওয়া তথ্য অনুসারে, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার স্থগিত হয়ে থাকা ১৪টি, ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিম আদালতে সাতটি, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ১৫টি, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২-এ দুটি, গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি ও রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চারটি মামলা স্থগিত হয়ে আছে। এসব মামলার মধ্যে কোনোটি দুই বছর, কোনোটি তিন, কোনোটি চার, কোনোটি পাঁচ, কোনোটি সাত বছর ধরে স্থগিত হয়ে আছে।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, স্থগিত এসব মামলার মধ্যে দুটি বেঞ্চে চারটি করে, একটি বেঞ্চে ১১টি, অন্য একটিতে ১৮টি এবং অপর একটি বেঞ্চে সাতটি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে বিচারাধীন কোনো কোনো মামলায় আপিল বিভাগ বা হাইকোর্টের স্থগিতাদেশ থাকার কারণে ওই সব মামলার শুনানি বা বিচার কার্যক্রম বন্ধ থাকে। স্থগিতাদেশ পাওয়ার পর পক্ষগুলো উচ্চ আদালতে ওই সব মামলা শুনানির উদ্যোগ গ্রহণ না করায় মামলাগুলো দীর্ঘদিন বিচারাধীন অবস্থায় পড়ে থাকে। এতে একদিকে সুপ্রিম কোর্টে মামলাজটের সৃষ্টি হয়, অন্যদিকে অধস্তন আদালতে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে বিচারে বিলম্ব ঘটে। ফলে বিচারপ্রার্থীরা হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় প্রধান বিচারপতির নির্দেশে মামলার বিবরণ চাওয়া হয়।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান গত শনিবার প্রথম আলোকে বলেন, বিচার স্থগিত হয়ে থাকা ৪৪টি মামলার তথ্য ইতিমধ্যে এসেছে। বিলম্বের কারণে বিচারপ্রার্থীদের হয়রানি নিরসন, মামলাজট কমাতে এবং দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি সংক্ষিপ্ত সময়সীমা নির্ধারণ করে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বিচার স্থগিত হয়ে থাকা আর কোনো মামলার তথ্য এলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে তা প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।