স্থগিত দুই আসনের প্রার্থীদের ইসিতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে যশোর থেকে বিজয়ী সরকারদলীয় দুই সাংসদকে ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) ডাকা হয়েছে।
প্রার্থী দুজন হলেন যশোর-১ (শার্শা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শেখ আফিল উদ্দিন ও ৫ জানুয়ারি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী মনিরুল ইসলাম। তাঁদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না—এ-সংক্রান্ত শুনানির জন্য তাঁদের ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। ইসির উপসচিব (আইন) বাসুদেব রায় স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার দুই সাংসদ পেয়েছেন।
৫ জানুয়ারির নির্বাচনের আগে ‘প্রতি কেন্দ্রে ১০০ জন কর্মী নৌকা প্রতীকে ভোটকেন্দ্র দখল করে জয় সুনিশ্চিত করবে’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে প্রমাণিত হয়। তাঁদের ৭ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি। তাঁরা ১৫ জানুয়ারি নোটিশের জবাব দেন।
নোটিশের জবাবে আফিল ও মনিরুল দুজনই নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু তাঁদের নাম এখনো গেজেট আকারে প্রকাশ করা হয়নি।
ইসি কর্মকর্তারা জানান, বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর শপথ নিলে নির্বাচিত সংসদ সদস্য হন। এ দুই প্রার্থী বিজয়ী হলেও তাঁদের গেজেট প্রকাশ করা হয়নি। তাই তাঁরা নিজেদের সংসদ সদস্য দাবি করতে পারেন না।
জানতে চাইলে যশোর-২ আসনের প্রার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমি তো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি। নিজেকে সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতে পারব কি না, এটা আইনি তর্কের বিষয়। তবে আমি আমার আইনজীবীর পরামর্শে এ পরিচয় লিখেছি।’
আফিল ও মনিরুলকে কারণ দর্শানো ও শুনানিতে উপস্থিত হওয়ার জন্য দেওয়া চিঠিতে ইসি সংসদ সদস্য প্রার্থী বলে উল্লেখ করেছে। আলাদাভাবে দেওয়া কারণ দর্শানোর চিঠির জবাবে হুবহু একই উত্তর দিয়েছেন দুজন। নোটিশের জবাবে তাঁরা নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সমালোচনাও করেছেন।
নোটিশের জবাবে তাঁরা বলেছেন, ভোট হয়ে যাওয়ার পর তাঁদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই। শুধু রিটার্নিং কর্মকর্তা চাইলে ভোটের আগে তা করতে পারতেন।
এই দুজনের দাবি, তাঁদের নামে ‘জালিয়াতি ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্যনির্ভর সংবাদ’ পরিবেশন করা হয়েছে। হুবহু একই রকমের ছয় পৃষ্ঠার আলাদা আলাদা জবাবে ইসি, তদন্ত কমিটি ও প্রথম আলোসহ পাঁচটি সংবাদপত্রের কঠোর সমালোচনা করা হয়েছে।
দুটি জবাবে একই ভাষায় বলা হয়, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি—আমার জানামতে তদন্ত কমিটি কোনো তদন্তই করেনি। তদন্ত করলে নিশ্চয়ই তাঁরা আমাকে ডাকতেন, বক্তব্য শুনতেন। আমি আমার ঠিকানায় উপস্থিত ছিলাম। তদন্ত কোনো সময় আমাকে ডাকেননি বা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তাঁরা তদন্ত করছেন এমন কথাও আমাকে জানাননি। ফলে ওই তদন্ত প্রতিবেদন আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো প্রতিবেদন নয়।’
জবাবে দুজন লিখেছেন, ‘কারণ দর্শানো নোটিশের তৃতীয় প্যারায় ব্যবহূত অপকর্ম শব্দটি আপত্তিকর। শব্দের ব্যবহার পূর্বনির্ধারিত দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। এ শব্দটি আমার বিরুদ্ধে অসম্মানজনক উপায়ে ব্যবহার করা হয়েছে।’ দুই প্রার্থীই ওই শব্দ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ভোটকেন্দ্রে দখল নিয়ে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত করার বিষয়ে গণমাধ্যমে পরিবেশন করা সংবাদের ‘কথাগুলি সম্পূর্ণ অসত্য’ বলেও উল্লেখ করেন তাঁরা।
গত ৩০ ডিসেম্বর ঝিকরগাছার পারবাজারে মনিরুলের নির্বাচনী কর্মিসভায় শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি ভোটের দিন ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট কাস্টিং শেষ করে নৌকার বিজয় নিশ্চিত করার ঘোষণা দেন। ইসিতে তাঁর বক্তৃতার যে অডিও সিডিটি জমা দেওয়া হয়েছে সে সম্পর্কে তাঁর কিছু জানা নেই। আবার তিনি দাবি করেন, অডিও সিডির কণ্ঠস্বর তাঁর নয়।
শেখ আফিলের এ বক্তব্যের পর যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী এজেন্ট মো. শাহীন-উল-কবীর ইসিতে অভিযোগ আকারে দাখিল করেন।