স্থগিত দুই কেন্দ্র ঝুলিয়ে দিয়েছে তিনজনের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন নিয়ে উত্তেজনা জিইয়েই থাকল। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এখানে বিএনপির কোনো প্রার্থী ছিলেন না। আওয়ামী লীগের প্রার্থী ও দলটির তিনজন বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর দুই বিদ্রোহীর মধ্যে
তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু দুটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় এখানে চূড়ান্ত ফল ঘোষণা করা যায়নি।
কালকিনির নয়টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের মোট ভোটার ২৭ হাজার ৭১১ জন। ১৫টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১৭ হাজার ৭৪৭টি। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী মশিউর রহমান নারকেলগাছ প্রতীকে ৫ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য আরেক বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০৪ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০১ ভোট। আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী লোকমান সরদার পেয়েছেন ২ হাজার ১০ ভোট। তবে স্থগিত হওয়া দুই কেন্দ্রের মোট ভোট ৩ হাজার ৮৮৩টি। ফলে এঁদের যে কেউ জয়ী হতে পারেন।
কালকিনির বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অনুসারী হিসেবে পরিচিত। বিদ্রোহী তিন প্রার্থীর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক লোকমান হোসেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের অনুসারী। সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহানের অনুসারী হিসেবে পরিচিত।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবার মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আবুল কালাম আজাদের নাম প্রস্তাব করে। কিন্তু স্থানীয় সাংসদ বাহাউদ্দিন নাছিম এনায়েত হোসেনের পক্ষে ছিলেন। শেষ পর্যন্ত এনায়েত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হলে কালকিনি উপজেলা কমিটি ও পৌরসভা কমিটির নেতারা পদত্যাগ করেন। এরপর তিনজন বিদ্রোহী প্রার্থী হলে তৈরি হয় উত্তেজনা। এর মধ্যে গত ১৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ও সরদার মো. লোকমান হোসেনকে দল থেকে বহিষ্কার করেন। এ নির্বাচন নিয়ে পুরো আওয়ামী লীগ তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে পড়ে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের আগের দিন রাতেই ৬ নম্বর ওয়ার্ডের কাস্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জনারদন্দী কেন্দ্রে একদল লোক জোর করে ঢুকে প্রায় দেড় হাজার ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ফেলে রাখে। এ পরিপ্রেক্ষিতে সকাল সোয়া আটটার দিকে এ দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এর মধ্যে কাস্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৪৩৬ জন এবং জনারদন্দীতে ২ হাজার ৪৪৭ জন।