স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে কাল বুধবার। গতকাল সোমবার নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে।
গতকাল রাত আটটা পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে সমর্থন চান।
তেলিয়াকাটা গ্রামের ভোটার রহিমা খাতুন বলেন, ‘প্রার্থীদের ডাকে সকালের ঘুম ভেঙেছে। এক প্রার্থী চলে যাওয়ার পর এসেছেন আরেক প্রার্থী। ভোটারদের এত সম্মান আর কদর আগে কোনো দিন দেখিনি।’
গত ২৩ মার্চ কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই দুই কেন্দ্রে ভোটার পাঁচ হাজার ২০৭ জন।
উপজেলার ৩৪টি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী ১৫ হাজার ৯৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের উপজেলা সেক্রেটারি আ স ম শাহরিয়ার চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৪৩৪ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাকের উল্লাহ পেয়েছেন ১০ হাজার ৩৩৪ ভোট। আর নাগরিক কমিটির প্রার্থী মনজুর আলম সিকদার পেয়েছেন নয় হাজার ২৬৯ ভোট।
স্থানীয় সূত্রমতে, স্থগিত দুটি কেন্দ্রের মধ্যে তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহরিয়ার চৌধুরীর প্রভাব রয়েছে। এই কেন্দ্রে ভোটার দুই হাজার ১১১ জন। আর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ টি এম নুরুল বশর চৌধুরীর সমর্থক বেশি। কিন্তু বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাকের উল্লাহ এই কেন্দ্রের ভোটে ভাগ বসালে হিসাবটা অন্য রকম হয়ে যেতে পারে। এই কেন্দ্রে ভোটার তিন হাজার ৯৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রশীদ বলেন, স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।