স্থগিত দুই বিভাগের কার্যক্রম ১০ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ক্লাস পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১০ নভেম্বর থেকে এ দুটি বিভাগের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা এবং বিশ্ববিদ্যালয়ের সব বিধিবিধান মেনে চলবে মর্মে শিক্ষার্থীদের অঙ্গীকার করে আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দুটি বিভাগের শিক্ষার্থীরা আগের দিন (৯ নভেম্বর) হলে প্রবেশ করতে পারবেন। তবে এ সময় তাঁদের হল কর্তৃপক্ষের কাছে নিজ নিজ পরিচয়পত্র দেখাতে হবে, পরিচয়পত্র ছাড়া তাঁদের হলে কিংবা ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিভাগের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে গত মে মাসের শেষ দিকে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের এ দুটি বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে এসিসিই বিভাগের শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য দুই শিক্ষককে ১৮ ঘণ্টা জিমিঞ্চ করে রাখেন এবং পরদিন ক্যাম্পাসে ভাঙচুর চালান। ২ জুলাইয়ের উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বিভাগ দুটির একাডেমিক কার্যক্রম স্থগিত করে।