স্থগিত পাঁচ কেন্দ্রে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভার তিনটি ও কুড়িগ্রামের উলিপুর পৌরসভার দুটি স্থগিত কেন্দ্রে গতকাল মঙ্গলবার ভোট নেওয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর বিশৃঙ্খলার কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
সকাল আটটার অনেক আগেই ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে।
সকাল পৌনে আটটায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ইনস্টিটিউট ভবনে নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করা হয়। কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকা নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি। মূল ফটকে বিজিবি সদস্যরা। র্যা ব সদস্যরা বাইরে টহল দিচ্ছেন। কেন্দ্রে ভোটার ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারের সারিতে দাঁড়ানো ভারতী রানী বলেন, ‘সকাল সাড়ে সাতটার মধ্যে গ্রামের সবাই এক হয়ে ভোট দিতে চলে আসছি। এইবার ভোটের পরিবেশ দেখে খুব ভালো লাগছে।’
গোবিন্দনগর কেন্দ্রের ভোটার আয়েশা আকতার বলেন, ‘এইবার সবাই আগেভাগেই ভোট দেওয়ার জন্য আসছি।’ ভোট দিতে আসা হোটেল ব্যবসায়ী রশিদুল হক বলেন, ‘গত ভোটে মারামারির কারণে কেন্দ্রে এসেও ভোট দিতে পারিনি। এবার প্রশাসন ভোটের পরিবেশ ভালো রেখেছে বলে ভোটার উপস্থিতি বেশি।’
রিটার্নিং কর্মকর্তা আ ফ ম ফজলে রাব্বী বলেন, গত পৌর নির্বাচনের মতো পুরো পৌরসভায় নির্বাচন হচ্ছে না। এবার শুধু তিনটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন চলাকালে এক কাউন্সিলর প্রার্থীর লোকজন ১০ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা চালিয়ে কেন্দ্র দখল করে নেন। হামলাকারীরা বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুর করেন। একই ওয়ার্ডের গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল যুবক হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করেন ও ৬০০ ব্যালট পেপার ছিনিয়ে নেন। ৫ নম্বর ওয়ার্ডের সরকারি মহিলা কলেজ পুরুষ ভোটকেন্দ্রে ভোটের হারের সঙ্গে অবশিষ্ট ব্যালটের পরিমাণের গরমিল পাওয়া যায়।
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার দুটি স্থগিত কেন্দ্র হলো নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। এখানে গতকাল ভোট নেওয়া হয়। ৩০ ডিসেম্বর ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে প্রশাসন। এতে বিএনপির মেয়র প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ৭ হাজার ৭৬৭ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান তালুকদার (নারকেলগাছ) ৫ হাজার ৫৮৮ এবং বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ সরকার ৪ হাজার ১৫৫ ভোট পান। স্থগিত দুটি কেন্দ্রের ভোটার ৩ হাজার ৮৯৮ জন।
দুপুর ১২টায় উলিপুর মদিনাতুল উলুম দাখিল সিনিয়র মাদ্রাসা ১ নম্বর বুথে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি কম। এখানে ভোটার সংখ্যা ৩৫৭। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০৩টি। ২ নম্বর কক্ষে ভোট ৩৫৮। দুপুর সোয়া ১২টায় ২০০ ভোট পড়েছে। কক্ষ নম্বর ৩-এ ভোটার সংখ্যা ৩০২। দুপুর ১২টায় ভোট পড়েছে ১৩৫টি। এ সময় নারী বুথগুলোতে গিয়ে দেখা যায় দীর্ঘ সারি। কক্ষ ৪ (মহিলা) এ ভোটার সংখ্যা ৩৫৭। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৭৫টি। কক্ষ ৫-এ ভোটর সংখ্যা ৩৫৮, ভোট পড়েছে ২১৪টি। প্রিসাইডিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটর সংখ্যা ১ হাজার ৯৯০। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৯০০টি।
বেলা একটায় নারকেলবাড়ী কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে সড়কে ও জমিতে অসংখ্য মানুষ বসে ও দাঁড়িয়ে আছেন। কেন্দ্র ফাঁকা। ভোটার নেই বললেই চলে। ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ বলেন, সকালের দিকে অধিকাংশ ভোট পড়েছে। এখন আস্তে আস্তে আসছে। বুথ ১-এ গিয়ে দেখা যায়, লোকজন নেই। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খন্দকার মাহাফুজার রহমান বলেন, এখানে ভোটার সংখ্যা ৩০২। ভোট দিয়েছেন ২২৯ জন। ধানের শীষের এজেন্ট রফিকুল ইসলাম বলেন, ভোট ঠিকমতো হচ্ছে। সকাল সকাল বেশির ভাগ ভোট দেওয়া হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের এজেন্ট জুলফিকার আলী এজেন্ট বলেন, আপাতত ঠিক আছে। বুথ ২-এ ভোটার ৩২৩। ভোট পড়েছে ২৩১টি। বুথ ৩-এ ভোটার সংখ্যা ৩৪১। পড়েছে ২৪৭। বুথ ৪-এ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খলিলুর রহমান বলেন, এখানে ভোটার ৩২৩ জন। পড়েছে ২৩৮ ভোট। ধানের শীষের এজেন্ট আমিনুর ইসরাম বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নারকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ১ হাজার ৯০৮ জন। বেলা একটা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ ভোট পড়েছে ১ হাজার ৪৫২টি।