স্থগিত পাঁচ কেন্দ্রে ভোট গ্রহণ
জামালপুর পৌরসভার তিনটি এবং সরিষাবাড়ী ও কুমিল্লার বরুড়া পৌরসভার একটি করে ভোটকেন্দ্রে গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকালীন অনিয়ম, গোলযোগসহ নানা অভিযোগে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে ৬ নম্বর ওয়ার্ডের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ডের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ নম্বর ওয়ার্ডের বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ ওই তিনটি কেন্দ্রের শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত সাধারণ মহিলা কাউন্সিল পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ছিল ১১ জন প্রার্থী। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৮ জন ও সংরক্ষিত সাধারণ মহিলা কাউন্সিলর ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর জামালপাশা, ৯ নম্বর ওয়ার্ডে ফজলুল হক ও ১১ নম্বর ওয়ার্ডে রাকিব হাছান সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা তিনজনই আওয়ামী লীগের সমর্থিত ছিল। এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রানী বেগমও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা : জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগে বরুড়া পৌরসভার সাবেক শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর সকালে স্থগিত করা হয়েছিল। গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই একটি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লুৎফুন নাহার নাজীম বলেন, বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল কাশেম ও ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে শিউলি আক্তার জয়ী হয়েছেন।
সরিষাবাড়ী (জামালপুর) : গত ৩০ ডিসেম্বর ৭ নম্বর ওয়ার্ডের বাংগালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা সেলিম হোসেন ভোট গ্রহণ স্থগিত করেন। গতকাল মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ করা হয়। এতে ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আফছার উদ্দিন ও সংরক্ষিত কাউন্সিলর পদে রেনু আক্তার ফরিদ জয়ী হয়েছেন। গতকাল রাতে ফল ঘোষণা করা হয়।