স্থগিত পাঁচ কেন্দ্রের ভোট বর্জন আজ সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া পাঁচ কেন্দ্রে গতকাল বুধবার ভোট গ্রহণে জালিয়াতি, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ এনেছেন ১৮ দল-সমর্থিত প্রার্থীরা।
এসব অনিয়মের প্রতিবাদে একযোগে তাঁরা নির্বাচন বর্জনসহ আজ বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১৮ দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবদুল ওহাব, বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা বেগম এই কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াসহ দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৩ মার্চ দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া পাঁচটি কেন্দ্রে গতকাল আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গতকাল ভোট গ্রহণের শুরুতেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ১৮ দল-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেন। এর মধ্যে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, জলিশা বোর্ড প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন বিদ্যালয়, পাঙ্গাশিয়া নেছারিয়া প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসা ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতীকে সিল মারা হয়। এ ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে ১৮ দল-সমর্থিত প্রার্থীরা এই নির্বাচন একযোগে বর্জনের ঘোষণা দেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহাজাহান সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, পরাজয় নিশ্চিত জেনে ওই তিনজন নির্বাচন বর্জন করেছেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ ঠিক নয়। অনিয়মের ব্যাপারে কোনো প্রার্থী লিখিত কিংবা মৌখিকভাবেও কোনো অভিযোগ করেননি। বন্ধ হওয়া পাঁচটি কেন্দ্রে পুনরায় ভাট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলার মোট ভোটকেন্দ্র ২১টি। গত ২৩ মার্চ ১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এসব কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহাজাহান সিকদার পেয়েছেন পাঁচ হাজার ৭৫৮ ভোট। আর সুলতান আহমেঞ্চদ হাওলাদার চার হাজার ২৬৬ ভোট ও মোহামঞ্চদ আবদুল ওহাব চার হাজার ১৩৪ ভোট পেয়েছেন।