স্থগিত পৌরসভায় আজ ভোট
স্থগিত হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভা ও ২১টি পৌরসভার ৩৯টি কেন্দ্রে আজ মঙ্গলবার পুনরায় ভোট গ্রহণ করা হবে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিন পৌরসভার তিনটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে দুজন করে প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও আজ ভোট গ্রহণ করা হবে।
৩০ ডিসেম্বর নির্বাচনে গোলযোগের কারণে মাধবদী পৌরসভা (১২টি ওয়ার্ড) ও ১৯টি পৌরসভার ৩৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, মাধবদী ছাড়াও ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর চৌমুহনীতে ভোট হবে। অন্য পৌরসভাগুলোতে আজকের ভোট মেয়র নির্বাচনে প্রভাব ফেলবে না। কারণ, এগিয়ে থাকা মেয়র প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। তবে কাউন্সিলর নির্বাচনে এই ভোট ভূমিকা রাখবে। এসব পৌরসভার মধ্যে রয়েছে যশোর, নড়াইলের কালিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, জামালপুর, একই জেলার সরিষাবাড়ী, নরসিংদী, চট্টগ্রামের চন্দনাইশ, চাঁদপুরের মতলব, কুমিল্লার বরুড়া, শরীয়তপুর, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের ভালুকা ও বরগুনা।
দুই কাউন্সিলর প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ার কারণে ভোট গ্রহণ করা হবে চট্টগ্রামের চন্দনাইশের ৫ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুরের রামগতির ১ নম্বর এবং কুষ্টিয়ার কুমারখালীর ৯ নম্বর ওয়ার্ডে।