স্থগিত ভোটকেন্দ্রগুলোর জেলায় সেনা মোতায়েন বহাল থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের আটটি আসনের স্থগিত করা কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট ছয় জেলায় সেনাবাহিনীর অবস্থান বহাল থাকবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলাফল নির্ধারণের জন্য এই আটটি আসনের মোট ৩৬৩টি কেন্দ্রে ১৬ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে দিনাজপুর-৪ আসনের ৩৫টি, কুড়িগ্রাম-৪ আসনের একটি, গাইবান্ধা-১ আসনের ৪৮, গাইবান্ধা-৩ আসনের ৮০, গাইবান্ধা-৪ আসনের ৭২, বগুড়া-৭ আসনের ৪৬, যশোর-৫ আসনের ৬০ ও লক্ষ্মীপুর-১ আসনের ২১টি কেন্দ্র রয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন এসব জেলায় অন্তত ১৭ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অবস্থান বহাল রাখতে চায়। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য জেলা থেকে ৯ জানুয়ারি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে।
সহিংসতা ও আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে কমিশন ৫ জানুয়ারি নির্বাচনের দিন ৩৬টি আসনের ৫৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে। তবে বিজয়ী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় অন্য আসনগুলোর স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।
গাইবান্ধার ডিসি-এসপিকে প্রত্যাহার: নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সহিংসতা দমনে ব্যর্থ হওয়ায় কমিশন গত সোমবার গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা (ডিসি) জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) সাজিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয়। একই সঙ্গে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। গতকাল লক্ষ্মীপুরের ডিসি এ কে এম মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেয় কমিশন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জের ইউএনও আশরাফুজ্জামান, পলাশবাড়ীর ইউএনও তোফাজ্জল হোসেন, সাদুল্যাপুরের ইউএনও ফরহাদ হোসেন এবং সুন্দরগঞ্জের ইউএনও আহসান হাবীবকে গতকাল প্রত্যাহার করা হয়। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক বলেন, প্রত্যাহার নয়, সন্ধ্যায় রংপুর বিভাগীয় কমিশনারের নির্দেশে তাঁদের বদলি করা হয়।
শেখ আফিল ও মনিরুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত: নির্বাচন কমিশন গতকাল যশোর-১ ও যশোর-২ আসনের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামকে তাঁদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার তাঁদের নোটিশ পাঠানো হতে পারে।
দশম সংসদ নির্বাচনে আফিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও মনিরুল ভোটে নির্বাচিত হন। ১ জানুয়ারি কলস প্রতীকের নির্বাচনী এজেন্ট শাহীন-উল-কবীর কমিশনে আওয়ামী লীগের এই দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, তাঁরা কেন্দ্র দখল করে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার জন্য প্রতিটি কেন্দ্রে ১০০ ভোটার কর্মীকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে তদন্ত কমিটি ৩ জানুয়ারি কমিশনে প্রতিবেদন পাঠায়।