স্থগিত সরকারি প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত হওয়া ১৭টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরদিন উপজেলা পরিষদের নির্বাচন থাকায় পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জেলাগুলো হলো ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। আগের প্রবেশপত্রই কার্যকর হবে। প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে।
গত বছরের শেষের দিকে প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ১৭টি জেলায় প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।