স্থগিত ৮ কেন্দ্রের নির্বাচন ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন স্থগিত হওয়া আটটি কেন্দ্রের পুনঃ নির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ওই তারিখ ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আট মাস ধরে কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রের নির্বাচন স্থগিত থাকার পর গতকাল রোববার উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ ২৬ অক্টোবর ভোট গ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সকালে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর থেকেই ওই সব কেন্দ্র এলাকার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। আবার ঝুলতে শুরু করেছে পোস্টার, ডিজিটাল ব্যানার। প্রার্থী ও ভোটারদের মধ্যে আবারও ভোটের আমেজ বইতে শুরু করেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত হোসেন জানান, সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন সকালে ভোট গ্রহণ শুরু হলে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রে ভোটার তালিকায় গরমিল দেখা দেয়। এতে ভোটারদের মধ্যে বিতরণ করা ভোটার নম্বরের সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটার তালিকার সঙ্গে মিল খুঁজে না পাওয়ায় ভোটাররা ভোট দিতে পারেন না। ফলে ওই দিন সকাল ১০টা থেকে আটটি ভোটকেন্দ্রে গোলযোগের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি নির্বাচন কমিশন অবগত হয়ে ওই দিনই দুপুরের পর আটটি কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো: চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান আইডিয়াল স্কুল ১ ও ২, চান্দরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল, জেনিথ পিএল স্কুল ১ ও ২, পূর্ব চান্দরা আদর্শ স্কুল, পূর্ব চান্দরা এএস আইডিয়াল স্কুল।উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ জানান, নির্বাচনের দিন আটটি কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।