স্থগিতাদেশ চেয়ে করা জামায়াতের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি। আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এ আদেশ দেন।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন।

রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি মামলায় জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছিলেন।

রায়ে আদালত বলেন, সংখ্যাগরিষ্ঠ মতামতে রুল অ্যাবসলিউট (রুল মঞ্জুর) করা হলো। নির্বাচন কমিশন জামায়াতকে যে নিবন্ধন দিয়েছে, তা অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। এর কোনো আইনগত ভিত্তি নেই।

রায় ঘোষণার পর জামায়াতের পক্ষে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার বিষয়ে সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হয়। বেলা তিনটার দিকে রায়ের স্থগিতাদেশ চেয়ে দলটির পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করা হয়।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় গত ১২ জুন।

হাইকোর্টে রিট ও রুল: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বলা হয়, জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী। এই অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দলের নিবন্ধনের অযোগ্যতার বিষয়ে বলা আছে।

রিট আবেদন থেকে জানা যায়, এই ধারাগুলোতে কিছু শর্তের কথা বলা আছে, যেগুলো পূরণ না করলে রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল হতে পারে। এক. দলের গঠনতন্ত্র যদি সংবিধান পরিপন্থী হয়। দুই. গঠনতন্ত্রে কোনো বিশেষ ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ভাষা বা লিঙ্গভেদে কোনো বৈষম্য প্রতীয়মান হয়। তিন. নাম, পতাকা, চিহ্ন বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া কিংবা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চার. দলের গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাইরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন এবং পরিচালনার বিধান থাকে।

প্রাথমিক শুনানি নিয়ে ২০০৯ সালের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক (সাবেক প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল জারি করেন। রুলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি ধারার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রুলের ওপর গত এপ্রিল থেকে ১২ জুন পর্যন্ত নয় কার্যদিবস শুনানি হয়।

আদালত সূত্র জানায়, ২০১১ সালে ওই রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরে ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারীপক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। ৫ মার্চ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওই দিন প্রধান বিচারপতি তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। ওই বেঞ্চই রায় ঘোষণা করেন।

হাইকোর্টের দেওয়া রায় প্রত্যাখ্যান করে ঈদের পর ১২ ও ১৩ আগস্ট সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।