ভারতে জবাইয়ের উদ্দেশ্যে গবাদিপশু বিক্রির ওপর স্থগিতাদেশ পুনর্বিবেচনা করতে পারে কেন্দ্রীয় সরকার। দেশটির বন ও পরিবেশমন্ত্রী হর্ষ বর্ধন গত বৃহস্পতিবার বলেছেন, এ বিষয়ে কোনো সুপরিকল্পিত প্রস্তাব এলে কেন্দ্রীয় সরকার সেটা ইতিবাচক মন নিয়েই বিবেচনা করবে।
ত্রিপুরার রাজধানী আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষ বর্ধন বলেন, সরকার শুধু পশুর ওপর নিষ্ঠুরতা বন্ধ করতেই এই নির্দেশ দিয়েছে। কোনো সম্প্রদায়ের খাদ্যাভ্যাস বন্ধ করা বা পশু জবাই বন্ধ করা এর উদ্দেশ্য নয়। ‘কমিউনিকেশন গ্যাপ’-এর কারণেই এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিপিএম-শাসিত রাজ্য ত্রিপুরার পাশাপাশি খ্রিষ্টানঅধ্যুষিত মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি রাজ্যেই গরুর মাংস বেশ জনপ্রিয়। তাই নরেন্দ্র মোদি সরকারের গরুর ওপর নিষেধাজ্ঞা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে বিজেপির অন্দরমহলেই।
কেন্দ্রীয় সরকারের নির্দেশনাকে কেন্দ্র করে মেঘালয় রাজ্যে এরই মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য শাখায়ও তার প্রভাব পড়েছে। ইতিমধ্যে দলটির দুই নেতা বাচু মারাক ও বার্নার্ড সি মারাক ইস্তফা দিয়েছেন। রাজ্যের মাংস ব্যবসায়ী ও গরুর হাটের ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা সরকারের এই সিদ্ধান্ত মানবেন না।