স্থগিতাদেশ প্রত্যাহার আবেদনের শুনানি ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ-এর প্রকাশনা বাতিলের ব্যাপারে হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগ যে স্থগিতাদেশ দিয়েছেন তা প্রত্যাহারের আবেদনের শুনানি হবে আগামী ১৫ জুলাই। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এ সময় নির্ধারণ করেন।আমার দেশ-এর কৌঁসুলি এ জে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য করা আবেদনটি শুনানির জন্য পেশ করা হয়। আদালত ১৫ জুলাই শুনানির দিন ধার্য করেছেন। সরকার পক্ষের লিভ টু আপিলের ওপর একসঙ্গে ওই দিন শুনানি হবে বলে তিনি জানান। ঢাকার জেলা প্রশাসক কর্তৃক পত্রিকাটির প্রকাশনা বাতিল করার বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ কর্তৃপক্ষের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রকাশনা বাতিল আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। সরকারপক্ষ হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে ১৫ জুন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে নির্দেশ দেন আদালত। আমার দেশ কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য গত রোববার আপিল বিভাগে আবেদন করেছিল। জয়নাল আবদিনের সাত মামলা: বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা সাতটি মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা এসব মামলা চলতে বাধা নেই বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার জানিয়েছেন। একই ঘটনায় একাধিক মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবদিন রিট করেছিলেন। মামলায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন, গত ১২ মার্চ জয়নাল আবদিন এমন মন্তব্য করেন। এ ঘটনার পর কয়েক দিনের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে মামলাগুলো হয়।