রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাস পোড়ানোর অভিযোগে ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার বিচারিক আদালতের কার্যক্রমে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার আবেদনটি দাখিল করা হয়। আদালত ৯ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মূল রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর অভিযোগে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলাটি করে পুলিশ। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন হাইকোর্টে রিটটি করেন। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দ্রুত বিচার আদালত-৫-এর কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন। ৪ সেপ্টেম্বর স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়ানো হয়।