স্থগিতাদেশ প্রত্যাহার, রেলযোগাযোগ শুরু
ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রেল চলাচলে স্থগিতাদেশ তুলে নেওয়ায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়। কমলাপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ শুক্রবার প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল রাত ১০টার কিছুক্ষণ পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্থগিত করা হয়। রাত দুইটার দিকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গতকাল রাতে ঢাকা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা অঞ্চলে রেলযোগাযোগ স্থগিত করা হয়েছে। চলাচলকারী ট্রেনগুলো যে স্টেশনে আছে, সেগুলো সেখানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রেল চলাচলও স্বাভাবিক হবে।