প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর অভিযোগে ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলার বিচারিক আদালতের (দ্রুত বিচার আদালত-৫) কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন।পরে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আদালত বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশ অব্যাহত থাকবে। কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘কিছু নোটিফিকেশন হাতে পেয়েছি। পরবর্তী সময়ে আরও কোনো নোটিফিকেশন হয়েছে কি না, তা দেখার জন্য বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানানো হয়।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা এই মামলা ঢাকার দ্রুত বিচার আদালত-৫-এ বিচারাধীন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট ওই আদালতের বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এ আদেশ প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপক্ষ গত রোববার হাইকোর্টে আবেদন করে। এ আবেদনের ওপর সোমবার শুনানি হয়। গতকালও শুনানি হওয়ার কথা ছিল।