স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ সাড়ে ছয় বছর কোথায় ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাছির উদ্দিন,হেলাল আকবর
নাছির উদ্দিন,হেলাল আকবর

দুটি হত্যা মামলার স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দীর্ঘ সাড়ে ছয় বছর পর নিম্ন আদালতে এসে পৌঁছেছে। 
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছির ও হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের বিরুদ্ধে করা দুটি মামলার ক্ষেত্রে। তাঁদের ২৫ সহযোগীও এই দুটি মামলার আসামি। উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেছিলেন সাড়ে ছয় বছর আগে। কিন্তু সেই আদেশ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসে পৌঁছায় ২৫ আগস্ট।
এই ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ ১ সেপ্টেম্বর দুই মামলার কার্যক্রম শুরু করতে আসামিদের উপস্থিতির দিন ধার্য করেছেন। দুই মামলা হলো, ১৯৯৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা এবং ১৯৯৬ সালে ছাত্রদলের কর্মী আজাদ আলী খান হত্যা।
আদেশটি ছয় বছর আট মাস কোথায় পড়ে ছিল, সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যথাসময়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশটি পাওয়া গেলে চাঞ্চল্যকর হত্যা মামলা দুটির বিচার শেষ হতো বলে জ্যেষ্ঠ আইনজীবীদের অভিমত।
‘চট্টগ্রামে ২৭ মামলার কার্যক্রম স্থগিত’ শিরোনামে ১২ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পরদিন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের কাছে তথ্য চাওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দ্রুত বিচার থেকে স্থগিত ২৮ মামলার তালিকা পাঠানো হয়। এ তালিকায় এই দুই হত্যা মামলাও রয়েছে। প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে স্থগিত এসব মামলার রিট আবেদন শুনানির জন্য নির্ধারণ করে দেন। এ অবস্থায় আলোচিত মামলা দুটির স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশের কাগজ ২৫ আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসে পৌঁছায়।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান বলেন, ‘মামলার কার্যক্রমের ওপর আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছিল ২০০৭ সালের ৯ ডিসেম্বর। কিন্তু আদেশটি আমরা পেলাম চলতি মাসের ২৫ তারিখ। এ আদেশ পাওয়ার পর মামলার কার্যক্রম শুরু করতে ১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রেখেছেন বিচারক।’ আদেশটি ছয় বছর আট মাস কোথায় পড়ে ছিল, তা জানেন না পিপি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশটি যথাসময়ে পেলে এত দিনে মামলা দুটি নিষ্পত্তি হয়ে যেত। এতে বাদী এবং আসামিরা ন্যায়বিচার পেতেন। আদেশটি আসতে কেন বিলম্ব হলো, তা খতিয়ে দেখা উচিত।
আজাদ আলী খান হত্যা: ১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তাঁর ছোট ভাই সেলিম খান। ২০০৩ সালের ২৫ আগস্ট দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
জমির উদ্দিন হত্যা: ১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। তাঁর ভাই আজিজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরের বছরের ১৯ ফেব্রুয়ারি পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার এ টি এম জসিম উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৩ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।