স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসী গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর-ভান্ডারিয়া সড়ক অবরোধ করে রাখে।পিরোজপুর-ভান্ডারিয়া সড়কের পাশে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবরোধে চলাকালে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক ও মনিরুল ইসলাম, ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী (৬ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রাম) মো. জামাল হাওলাদার ও শংকরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিরন। শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক জানান, শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন চাই। পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর তাঁরা অবরোধ তুলে নেন। দুপুর সাড়ে ১২টায় অবরোধকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি পাঠান। বুধবার ঢাকা নির্বাচন কমিশন কার্যালয়ে কর্মরত মিহির সারোয়ার মোর্শেদ উপসচিব (নির্বাচন) স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তা পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। এতে শংকরপাশা, দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার দীর্ঘা ও শ্রীরামকাঠী ইউনিয়নের নির্বাচন স্থগিতের কথা উল্লেখ আছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এই ইউনিয়ন চারটির (শংকরপাশা, দুর্গাপুর, দীর্ঘা ও শ্রীরামকাঠী) কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ও কয়েকজন ভোটারের অভিযোগের পর নির্বাচন কমিশন ওই ইউনিয়নগুলোতে নির্বাচন স্থগিতের আদেশ দেন। আজ ১ এপ্রিল শুক্রবার নাজিরপুর ও কাল ২ এপ্রিল পিরোজপুর সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।