স্থগিতাদেশের ওপর শুনানি ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর শুনানি হবে ৮ ফেব্রুয়ারি। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই দিন শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এর আগে গত বুধবার ইসি ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। এতে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়। ইসির করা দুটি লিভ টু আপিলের মধ্যে আজ একটি শুনানির জন্য ওঠে।

ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। আর ইসির পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম।

পরে তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলে, হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ইসির আবেদনের ওপর ৮ ফেব্রুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি।

আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি ৯ জানুয়ারি এই পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দিয়েছিল। ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন।