স্থগিতাদেশের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় খাসজমি ও সড়ক দখল করে কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃক নির্মিত ছয়তলাবিশিষ্ট সিটি মার্কেট অপসারণের আদেশের চিঠি ও মামলার কার্যক্রম দ্বিতীয় দফা আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান।
গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে মো. খলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে প্রথম দফা উচ্ছেদ মামলার কার্যক্রম গত রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সিটি মার্কেট অপসারণের জন্য উচ্ছেদ মামলা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। ২৬ অক্টোবর উচ্ছেদের নোটিশ কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়। ওই নোটিশে সাত দিনের মধ্যে ভবনসহ যাবতীয় মালামাল সরানোর জন্য বলা হয়। অন্যথায় ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের ওই উচ্ছেদ মামলার বিরুদ্ধে ৩ নভেম্বর কুমিল্লা সিটি করপোরেশন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) দপ্তরে আপিল করে। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ২২ নভেম্বর পর্যন্ত নিম্ন আদালতের আদেশ স্থগিত করার চিঠি দেন। একই সঙ্গে এ বিষয়ে দফাওয়ারি জবাব পাঠানোর জন্য সহকারী কমিশনার (ভূমি) আদর্শ সদরকে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১৭ নভেম্বর দফাওয়ারি তথ্য পাঠায়। গত রোববার দ্বিতীয় দফা স্থগিতাদেশ দেওয়া হয়।
জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন বলেন, ‘দ্বিতীয় দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ওই মেয়াদ বাড়ানো হলো।’
২০১৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরের কান্দিরপাড় সড়কের ২৪২ নম্বর ছোটরা মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৯৩ দাগের ৩২ দশমিক ৫০ শতক জমিতে জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে সিটি মার্কেট নির্মাণ শুরু করে সিটি করপোরেশন।