ঢাকার আজিমপুরে আবাসন প্রতিষ্ঠান কনকর্ড নির্মিত ১৮ তলা ভবন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিতের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি ইমান আলী আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতে কনকর্ডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চেম্বার বিচারপতি আবেদনটি আউট অব লিস্ট করেছেন। এরপর যিনি চেম্বার আদালতে বসবেন, তাঁর কাছে আবেদনটি নিয়ে যেতে বলেছেন।’
১৭ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩০ দিনের মধ্যে কনকর্ডকে ওই ১৮ তলা ভবন এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন। রায়ে বলা হয়, এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি করা ১৮ তলা ভবনটি এতিমখানার পক্ষে বাজেয়াপ্ত করতে হবে। এতে ব্যর্থ হলে সরকারকে সম্পত্তি বুঝে নিয়ে এতিমখানাকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি আজিমপুর এতিমখানার সম্পত্তি সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২২ জুলাই স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সভাপতি বেগম শামসুন্নাহার আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক জি এ খান এতিমখানার দুই বিঘা জমি বেসরকারি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ডের কাছে ‘অবৈধভাবে’ হস্তান্তর করে দলিল করে দেন। পরে ২০১৩ সালে এ নিয়ে হাইকোর্টে রিট আবেদন হয়।