স্থগিতের ঘোষণা সমঝোতায় প্রভাব ফেলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া বিদেশ থেকে কর্মী নেওয়া স্থগিতের ঘোষণা করায় হতাশ ওই দেশে যেতে ইচ্ছুক নিবন্ধিত বাংলাদেশি কর্মী, বেসরকারি রিক্রুটিং এজেন্সি ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে গতকালই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম এক বিবৃতিতে বলেছেন, স্থগিতের ওই ঘোষণার কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বৈধতায় প্রভাব ফেলবে না।
ঢাকায় রিচার্ড রায়ত জায়েম ওই সমঝোতা স্মারকে সই করে যাওয়ার এক দিন পরই মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বিদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত ঘোষণা করেন। এর ঠিক এক দিন পরই গতকাল শনিবার দেশটির মানবসম্পদমন্ত্রীর বিবৃতি আসল বলে স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার মোয়াজ্জেম হোসেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ঘনিষ্ঠ তিনজন মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। ১৫ লাখ কর্মী নেওয়ার খবরে তাঁদের মধ্যে আশার সঞ্চার তৈরি হয়েছিল। কিন্তু এখন তাঁরা হতাশ।
বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে ওই দেশের সরকার থেকে হাইকমিশনকে এখনো কিছু জানানো হয়নি বলে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন।
জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার গতকাল প্রথম আলোকে বলেন, ‘স্থগিতের ঘোষণা একটি অনুষ্ঠান থেকে এসেছে। এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে কোনো প্রতিক্রিয়া দেব না।’
বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় (জি টু জি প্লাস) বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকে সই হয়। সমঝোতা স্মারকে সইয়ের ১২ ঘণ্টার মাথায় এল দুঃসংবাদ।
সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সহকারী একান্ত সচিব (এপিএস) ইয়াসির আদনানের পদ ভুলবশত একান্ত সচিব হিসেবে ছাপা হয়েছে।