স্থপতির স্বাক্ষর জাল করে নকশা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এক স্থপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি করে ২০টি ভবনের নকশা অনুমোদন নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের একটি পরামর্শক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহামঞ্চদ মঈনুল ইসলাম।আসামি হলেন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সমবায় মার্কেটে অবস্থিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট নামক প্রতিষ্ঠানের মালিক মো. নাজিম উদ্দিন।মামলার এজাহারে বলা হয়েছে, নাজিম উদ্দিন ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের স্থপতি সায়রা ফারজানার স্বাক্ষরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে ২০টি ইমারত ভবনের নকশা অনুমোদন নেন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা স্বাক্ষরগুলো জাল ও ভুয়া বলে সন্দেহ করেন। সায়রা ফারজানার মুঠোফোনে কল দিলে তিনি জানান, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত নন এবং নারায়ণগঞ্জে কোনো ধরনের কাজ করেননি। পরে নাজিমকে চিঠি দিয়ে স্থপতি সায়রাকে নিয়ে সিটি করপোরেশনে আসতে বলা হলেও নাজিম হাজির হননি। পরে আরেকটি চিঠি দিলেও নাজিম স্থপতিকে নিয়ে আসেননি। তিনি সিটি করপোরেশনকে জানান, তাঁর এক কর্মচারী ঢাকা থেকে স্থপতির স্বাক্ষর নিয়ে আসতেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।