স্থবির বাঘাবাড়ী বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীতে নাব্যতা সংকট দেখা দেওয়ায় এক সপ্তাহ ধরে বাঘাবাড়ী বন্দরে সব ধরনের মালবাহী জাহাজ আসা বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গের বৃহত্তর এই নৌবন্দর অচল হতে চলেছে। এ অবস্থায় বান্ডিলিং পদ্ধতি চালু ও সঠিক প্রক্রিয়ায় ড্রেজিংয়ের মাধ্যমে যমুনার নৌ চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবি উঠেছে।নাব্যতা সংকটে নদীতে আটকে থাকা এমভি ভাগ্যকুল জাহাজের মাস্টার আবদুর রউফ জানান, নাব্যতা কমে যাওয়ায় জাহাজ নিয়ে যাওয়া যাচ্ছে না। এর পরও পাইলট নিয়ে চলাচল করলে পাইলটরা ইচ্ছামাফিক অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছেন। এই টাকা না দিলে তাঁরা জাহাজ নদীর মধ্যে ডুবোচরে আটকে দিয়ে চলে আসেন। ফলে একদিকে নিরাপত্তার অভাব, অন্যদিকে বেশি দিন আটকে থাকার কারণে অতিরিক্ত খরচ হওয়ায় লোকসানে পড়ছে জাহাজ-ব্যবসা।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. জেন্নাত আলী অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএর গাফিলতির কারণে এ চ্যানেলটি সচল রাখা সম্ভব হচ্ছে না। ড্রেজিংয়ের নামে অল্প সময় কাজ করে বেশি সময় দেখিয়ে লাখ লাখ টাকার তেল চুরি করা হচ্ছে। বান্ডিলিং পদ্ধতি অর্থাত্ চ্যানেলের মুখে বাঁশ পুঁতে পানির স্রোতধারা সুষ্ঠুভাবে প্রবাহিত করা গেলে চ্যানেলে পলি জমবে না।বাঘাবাড়ী বন্দরের লেবার হ্যান্ডেলিং অ্যান্ড ক্যারিং এজেন্ট মো. আবদুল আজিজ জানান, এ চ্যানেলটি সচল না থাকায় জাহাজগুলো অন্যদিকে চলে যাচ্ছে। এক সপ্তাহ ধরে কোনো জাহাজ না আসায় বন্দরের শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছে। বন্দরের লেবার পরিচালনাকারী সফি মিয়া জানান, প্রতি সপ্তাহে হাইড্রলিক সার্ভে করার কথা থাকলেও বিআইডব্লিউটিএ তা করে না। ফলে নাব্যতা পরিমাপ করা যায় না।বাঘাবাড়ী বন্দরের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, চ্যানেলের অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ঊর্ধ্বতন উপপরিচালক জয়নাল আবেদীন বলেন, শুধু বান্ডিলিং পদ্ধতিতে চ্যানেলটি সচল রাখা সম্ভব নয়। এর সঙ্গে ড্রেজিং করতে হবে। এ বিষয়ে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।