স্থবির রংপুর সচল
ঈদকে সামনে রেখে রংপুর নগরকে যানজটমুক্ত করতে ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে নতুন ট্রাফিক ব্যবস্থা গতকাল মঙ্গলবার থেকে চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থায় মূল শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে।
গত সোমবার প্রথম আলোয় ‘যানজটে স্থবির রংপুর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
নতুন ট্রাফিক ব্যবস্থায় শহরের পূর্ব দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে ও সেন্ট্রাল রোডের কাস্টমস অফিসের সামনে, পশ্চিমে পাবলিক লাইব্রেরি মাঠের সামনের সড়ক এবং দক্ষিণে গ্রা-হোটেল মোড় পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে। কিন্তু এই চার স্থান পার হয়ে কোনো অটোরিকশা মূল শহরের ভেতর প্রবেশ করতে পারবে না। বিশেষ করে যেসব স্থানে বিপণিবিতান অবস্থিত সেসব স্থানে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। তবে রিকশাসহ প্রাইভেট গাড়ি চলাচল করতে পারবে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নতুন ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ার পর বিপণিবিতানগুলোয় কেনাকাটা করতে আসা নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় এলাকাসহ মূল শহরের সড়কগুলোয় বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত যানজটের কোনো ঘটনা চোখে পড়েনি।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে নতুন এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আশা করি মূল শহরে কেনাকাটা করতে আসা লোকজন এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।’
