স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যসহ মোট ৬১টি প্রশাসনিক পদ থেকে শিক্ষকেরা পদত্যাগ করায় স্থবির হয়ে পড়েছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু থাকলেও প্রশাসনিক পদগুলোতে লোক না থাকায় গবেষণা ও প্রশাসনিক কাজ একরকম আটকে আছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক পদত্যাগ করেন। এর আগে গত ২৪ মার্চ আওয়ামীপন্থী শিক্ষকেরা ৬১টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।

এ প্রসঙ্গে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলমগীর হোসেন বলেন, প্রশাসনে লোক না থাকায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং বহির্বিশ্বের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত নতুন উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করার দাবি জানান। একই অভিমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরও।

গত ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ জরুরি সভা ডাকে। সভা শেষে তাঁরা উপাচার্যকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য সময় বেঁধে দেন। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য বিষয়টি ‘অসত্য’ প্রমাণ করেননি। ১৯ মার্চ উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা।

এরপর ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৬১টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। এসব পদের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারের পরিচালকের মতো পদ রয়েছে। তাঁদের পদত্যাগের পর উপাচার্য ও কিছু শিক্ষক ছাড়া প্রশাসনে কেউ ছিলেন না। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে উপাচার্য রফিকুল হকও পদত্যাগ করেন। এরপর পুরোপুরি লোকবলশূন্য হয়ে প্রশাসন।

এদিকে হল প্রশাসনে লোকবল না থাকায় হলে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহদী হাসান বলেন, কেউ না থাকায় বিভিন্ন কাজ নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তিনি দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান।