স্থবিরতা কাটাতে পূর্ণাঙ্গ কমিটি চাইলেন তৃণমূল নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের আইনিভাবে মোকাবিলার পাশাপাশি রাজপথে রাজনৈতিকভাবেও মোকাবিলা করতে হবে। জামায়াত-শিবির প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় দলকে শক্তিশালী করতে সাংগঠনিক কাঠামোর প্রয়োজন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়া দলের স্থবিরতা কাটানো সম্ভব নয়। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি চাই।’ গতকাল রোববার সিলেট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের নেতারা ক্ষোভের সঙ্গে এ আহ্বান জানান। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর দুটি সাংগঠনিক কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছিল। পরবর্তী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও প্রায় ছয় বছরেও তা হয়নি। দলের স্থবিরতায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে গতকাল জেলা আওয়ামী লীগের এ সভা হয়।নগরের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে বর্ধিত সভা শুরু হয় বেলা ১১টায়। বিকেল পাঁচটা পর্যন্ত সভা চলে। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাংসদ এম এ মান্নান, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুজ জহির চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত জেলা ও উপজেলা কমিটির নেতারা বক্তৃতায় সাংগঠনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা ক্ষোভের সঙ্গে জানান, ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের কথা বলে ছয় বছর কাটানো হয়েছে। এতে দলের সাংগঠনিক অবস্থা নাজুক অবস্থায় রয়েছে। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি না হলে দলীয় কর্মী-সমর্থকদের চাঙা করা অসম্ভব হয়ে পড়বে।খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি হবে জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। এ সভার সব মতামত কেন্দ্রকে যথাযথভাবে জানানো হবে।’সভার একপর্যায়ে উপজেলা পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে ‘থানায় দালালি’ ও বিরোধী দলের সঙ্গে ‘আঁতাত’ করে রাজনীতি করার অভিযোগ ওঠে। এ অভিযোগে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হলে জেলার নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।