স্থল সীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি ছিটমহলবাসীর
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে ছিটমহলবাসী গত সোমবার কুড়িগ্রামে সাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করে। পরে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের কাছে স্মারকলিপি দেয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রধান কার্যালয় কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে গতকাল দুপুরে ছিটমহলবাসী সাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে। এটি ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এতে বক্তৃতা করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা আব্রাহাম লিংকন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা প্রমুখ। বক্তারা ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং সংবিধানের ১১৯তম ধারা সংশোধন ও অনুমোদনের দাবি জানান।
পরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি জেলা প্রশাসক এ বি এম আজাদের মাধ্যমে ভারতীয় হাইকমিশন বরাবর স্মারকলিপি দেন।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ময়নুল হক বলেন, একই দাবিতে গতকাল লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারীসহ চার জেলায় এ কর্মসূচি পালিত হয়।
একই কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ও ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলের মানুষ দ্রুত ছিটমহল বিনিময় ও মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছে।
জেলা প্রশাসক এ বি এম আজাদ ছিটমহলবাসীদের কাছ থেকে স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।