স্থল সীমান্ত বিল তিস্তা চুক্তি নিয়ে অনড় মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেছেন, স্থল সীমান্ত বিল ও তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তাঁদের অবস্থানের পরিবর্তন হয়নি। স্থল সীমান্ত বিল পার্লামেন্টে উত্থাপনে আগের মতোই বাধা দেবেন তাঁরা।
মমতা গত মঙ্গলবার দিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মমতা বলেন, তাঁদের সঙ্গে এই বিল নিয়ে সরকার একবারও কথা বলেনি। এখন কথা বললেও কোনো লাভ নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, সরকার কেন ভোটের আগে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চায়? কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে তাঁর কথা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাওয়া হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এত দিন তো বলেননি? এখন কথা বলে কী লাভ? কোনো লাভ নেই। তিনি বলেন, ‘আমি কেন্দ্রের এই জমি হস্তান্তর বিলের সঙ্গে একমত নই। যতক্ষণ আমার জীবন আছে, ততক্ষণ আমি আমার পার্লামেন্ট সদস্যদের নিয়ে এই বিল আটকাব।’
মমতা তিস্তার পানিবণ্টন চুক্তির বিরোধিতা করে বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বাড়তি পানি দিয়ে দিচ্ছে; চুক্তিটি হলে পশ্চিমবঙ্গ তিস্তার পানি থেকে বঞ্চিত হবে।
স্থল সীমান্ত চুক্তির জন্য সংবিধান সংশোধনী বিলটি চলতি অধিবেশনের প্রথম দিনেই তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু বিরোধিতার কারণে সরকার বিলটি প্রত্যাহার করে নেয়। এই অধিবেশনে বিল তোলা না হলে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে এটি আর তোলা সম্ভব হবে না। বর্তমান সরকারের এটিই শেষ অধিবেশন।