স্থলপথে বাংলাদেশ-ভারত টেলিলিংক চালু হচ্ছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলপথে শিগগিরই টেলিলিংক চালু হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত দুই দেশের ফাইবার অপটিক কেব্ল স্থাপিত হয়েছে। চলতি মাসের মধ্যেই লিংকও চালু হবে।এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ প্রথম আলোকে বলেন, চলতি মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ভারতের সঙ্গে সংযুক্ত ফাইবার অপটিক লিংক চালু হবে। উভয় পক্ষ রাজি হলে দুই দেশের মধ্যকার মিনিটপ্রতি টেলিযোগাযোগ মূল্যও কমে আসবে।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেলিযোগাযোগ মূল্য মিনিটপ্রতি ১২ টাকা।ভারতের সঙ্গে ফাইবার অপটিক লিংকে যুক্ত হতে বিটিসিএল ও ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) মধ্যে ২০০৯ সালের ৯ নভেম্বর একটি চুক্তি হয়। এর আওতায় ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপন করা হয়েছে। আর ভারতের কেব্ল কলকাতা হয়ে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সীমান্তে পৌঁছেছে।এ বিষয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিএসএনএল বাংলাদেশের মধ্য দিয়ে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে টেলিযোগাযোগে পিছিয়ে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করতে চায়। বাংলাদেশ ও ভারত টেলি-ট্রানজিটের প্রাথমিক পদক্ষেপ এটি। এর মাধ্যমে বিটিসিএলের ফাইবার অপটিক ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার প্রসার ঘটানো হবে।এ প্রসঙ্গে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। কারণ, ভারত সরকার তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করতে চায় বাংলাদেশের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে। এ জন্য ভারত বাংলাদেশকে অপটিক ফাইবারের ভাড়া পরিশোধ করবে, যা দিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আমদানি হবে। আর বিএসএনএলের সঙ্গে বিটিসিএলের ফাইবার অপটিক সংযোগ শুধু ভয়েস পাঠানোর কাজে ব্যবহার করা হবে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে ফাইবার অপটিক সংযোগ চালু হলে ভারতীয় প্রতিষ্ঠানগুলো এ দেশের বাজার ধরতে প্রথমেই কম দামে ব্যান্ডউইথ সরবরাহ করবে। এর ফলে লাভজনক সরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিটিসিএল কর্তৃপক্ষ বিএসসিসিএলের প্রতিযোগিতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, বিটিসিএলের খরচে তৈরি অবকাঠামো ব্যবহার করে বিএসসিসিএল ব্যবসা করছে। এ অবকাঠামো তৈরি ও সাবমেরিন কেবলে যুক্ত হতে বাংলাদেশের প্রায় ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এখন এ ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী বিএসসিসিএলের নেই। তবে প্রতিযোগিতা শুরু হলে সাধারণ মানুষ সুলভে আরও ভালো সেবা পাবে।