স্থলপথের পরিবর্তে টেকনাফ থেকে ট্রলারে আসছে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবা পাচারে নতুন রুট ব্যবহার করছে পাচারকারীরা। তারা স্থলপথের পরিবর্তে সাগর ও নদীপথে মাছ ধরার ট্রলারে ইয়াবা আনছে টেকনাফ থেকে চট্টগ্রামে। আর তা সারা দেশে ছড়িয়ে পড়ছে। চার মাস ধরে ট্রলারে ইয়াবা আনা শুরু হলেও সম্প্রতি কোটি টাকার দুটি চালান ধরা পড়ে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে এখন সাগর ও নদীপথে ইয়াবা পাচার শুরু হয়েছে। এ কাজে ফিশিং বোটগুলো অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বহনকারীরা ইয়াবাকে ‘পার্টস’ বলে, যাতে কেউ বুঝতে না পারে।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে টেকনাফ-চট্টগ্রাম হয়ে স্থলপথেই ইয়াবা সারা দেশে পাচার হয়ে থাকে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এ কারণে নগরের প্রবেশপথ কর্ণফুলী শাহ আমানত ব্রিজ, কালুরঘাট ব্রিজ ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তল্লাশি চালিয়ে প্রায়ই ইয়াবার চালান আটক করা হয়। কিন্তু এগুলো থাকে পরিমাণে কম। এক শ থেকে সাত শ কিংবা আট শ। আইনশৃঙ্খলা বাহিনীর নজর স্থলপথে থাকায় নদী ও সাগরপথে ইয়াবা পাচার শুরু হয় গত চার মাস ধরে।
নগরের ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে যায় হাজার হাজার ফিশিং ট্রলার। এসব ট্রলারের মাঝি-মাল্লাদের দিয়ে সেন্ট মার্টিন থেকে ইয়াবা চট্টগ্রাম নগরে খালাস করা হচ্ছে। গত ২০ জুন নগরের পাথরঘাটা ফিশারিঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে কোটি টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করার পর ইয়াবা পাচারে পুলিশের ধারণা পাল্টে যায়।
এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের হলে গ্রেপ্তার হওয়া আক্তার ও আজমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, সাগরপথে নির্বিঘ্নে ইয়াবা পাচার করা যায়। তাঁরা শুধু ট্রলারে এগুলো বহন করেন। কারা এগুলো আনছে, তাঁরা জানেন না।
সর্বশেষ গত সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেড় লাখ ইয়াবাসহ মো. আজিজ নামের একজনকে আটক করে কোস্টগার্ড। এগুলো কক্সবাজার থেকে আনা হচ্ছিল।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, সাগরপথে ইয়াবা পাচার বেড়ে যাওয়ায় নজরদারি বাড়ানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন বলেন, স্থলপথে ইয়াবা আসে কম। সাগর ও নদীপথে হাজার হাজার ইয়াবা আসছে মাছ ধরার ট্রলারে। এ জন্য নগরের বিভিন্ন নৌঘাটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।