স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে ১৫ মিনিট থমকে গেল নীলফামারী
‘আর কোনো দাবি নাই, চিলাহাটিতে স্থলবন্দর চাই’—এই স্লোগানকে সামনে রেখে চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১৫ মিনিটের জন্য থমকে যায় নীলফামারী। এই সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার হাতে দাঁড়িয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সর্বস্তরের মানুষ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে দুই দেশের সম্ভাব্য চুক্তি ও আলোচ্যসূচিতে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী পর্যন্ত পুনরায় রেলপথ চালু এবং স্থলবন্দর বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিতে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির ডাক দেওয়া হয়। চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটি, নীলফামারী প্রেসক্লাব, বণিক সমিতিসহ জেলার ৪৭টি সংগঠন ছাড়াও দল-মত নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি সফল করতে এর আগে গোটা জেলায় মাইকে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে জেলার সব উপজেলা ও চিলাহাটিতে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, নীলফামারী বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা বিএমএর সভাপতি মমতাজুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান দৌলতন জাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান রহিম, প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক, সাধারণ সম্পাদক রতন সরকার, আবদুল হক প্রধান প্রমুখ।