স্থলবন্দরকে কাজে লাগানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্য সহজ করতে স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নের তাগিদ দিয়েছেন সরকারের গঠিত ট্রানজিট-সংক্রান্ত কোর কমিটির সদস্য ও যোগাযোগ খাত বিশেষজ্ঞ এম রহমত উল্লাহ।স্থলবন্দরগুলোর সম্ভাবনা ও সমস্যা নিয়ে এম রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, আঞ্চলিক যোগাযোগ তথা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের স্থলবন্দরগুলোর গুরুত্ব ক্রমশ বাড়ছে। কিন্তু অবকাঠামো দুর্বলতার পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিটের সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় এই সুবিধা কাজে লাগানো যাচ্ছে না।রহমত উল্লাহ মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। ভারত থেকে প্রায় ৮০ শতাংশ পণ্যই স্থলবন্দর দিয়ে আসে। এর ৮০ শতাংশই আবার আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। ভারত থেকে প্রতিবছর বৈধভাবে ৩০০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। এ ছাড়া আরও ৩০০ কোটি ডলারের অনানুষ্ঠানিক বাণিজ্য হয়, যা বাংলাদেশের পুরো সীমান্ত এলাকা দিয়ে সংঘটিত হয়। স্থলবন্দরগুলো কার্যকর করা গেলে এ ধরনের অনানুষ্ঠানিক বাণিজ্য কমে যাবে, সরকার রাজস্ব পাবে। আর নেপাল, ভুটান, এমনকি চীনসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সহজতর হবে।স্থলবন্দরগুলো কার্যকর করা প্রসঙ্গে এই যোগাযোগ খাত বিশেষজ্ঞ মত দেন, বাংলাদেশের স্থলবন্দরগুলোর অবকাঠামো-সুবিধা অত্যন্ত নাজুক। বেনাপোল ছাড়া অন্যান্য স্থলবন্দরে আধুনিক পার্কিং ব্যবস্থা, গুদাম, ওজনযন্ত্র ও ব্যাংকিং-সুবিধা নেই। এমনকি ভারতের স্থলবন্দরগুলোর একই অবস্থা। নাজুক অবকাঠামোর কারণে সীমান্ত অতিক্রম (বর্ডার ক্রসিং) আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়। স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় আটকে থাকতে বাধ্য হয়। এই বিলম্বের কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ে, যার প্রতিক্রিয়া ক্রেতাদের ওপর পড়ে। বেশি দামে পণ্য কিনতে হয়।রহমত উল্লাহ জানান, বিলম্বিত প্রক্রিয়া এড়ানোর জন্য ট্রানজিট-সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশ, ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর সমন্বয়ে একটি যৌথ পরিবহন কোম্পানি গঠনের সুপারিশ করা হয়েছে। এই কোম্পানির একই ট্রাক বাংলাদেশ ও ভারতে চলবে। এতে সীমান্তের আনুষ্ঠানিকতা অনেক কমে যাবে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এ ধরনের ব্যবস্থা রয়েছে।রহমত উল্লাহ মনে করেন, পণ্য আমদানি-রপ্তানিতে স্থলবন্দরগুলোতে কাগজপত্রের ব্যবহার কমাতে হবে। এ জন্য স্থলবন্দরগুলোতে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি কম্পিউটারাইজ পদ্ধতি সন্নিবেশিত করা উচিত। পণ্য খালাস বা ট্রানজিট-ব্যবস্থা দ্রুততর হলে আমদানি-রপ্তানিকারকেরা স্থলবন্দর ব্যবহারে উৎসাহিত হবেন। শুধু স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন করলেই হবে না; স্থলবন্দরে যাওয়ার জন্য ভালো সড়কব্যবস্থাও গড়ে তুলতে হবে।সব শেষে রহমত উল্লাহ বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার রয়েছে। এই রাজ্যগুলোতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরই একমাত্র ভরসা। কিন্তু মেঘালয়, ত্রিপুরা রাজ্যঘেঁষা তামাবিল, সুতারকান্দি, আখাউড়া, বিবিরবাজার স্থলবন্দরে ন্যূনতম অবকাঠামো-সুবিধা নেই। বাংলাদেশের স্বার্থেই এই স্থলবন্দরের অবকাঠামো-সুবিধা বাড়ানো উচিত।