স্থলবন্দরের কোনো চিহ্ন নেই
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনের গেজেট ২০১০ সালের ৮ নভেম্বর প্রকাশিত হয়। স্থলবন্দর ঘোষণার প্রায় তিন বছর পরও অবকাঠামো গড়ে ওঠেনি। শুধু স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
রামগড় স্থলবন্দর স্থাপনের ব্যাপারে রামগড় উপজেলা ও খাগড়াছড়ি জেলা প্রশাসন কোনো তথ্য দিতে পারেনি। তবে বিভিন্ন নথিপত্র থেকে জানা যায়, রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। স্থলবন্দরের জন্য ১০ দশমিক ২৪ একর ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া এখনো শুরু করা হয়নি।
রামগড় উপজেলার মহামুনি এলাকায় প্রস্তাবিত স্থলবন্দরটি করা হবে। সম্প্রতি এ এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রস্তাবিত স্থানে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বা সীমানাও চিহ্নিত করা হয়নি। প্রস্তাবিত স্থানের প্রায় কেন্দ্রস্থলে মহামুনি বিজিবি সীমান্তফাঁড়ি রয়েছে।
এ ফাঁড়ির কমান্ডার সুবেদার নায়েক আশরাফুল আলম বলেন, স্থলবন্দর স্থাপনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন স্থলবন্দর স্থাপনের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, ‘জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে এক বছর আট মাস পরও রামগড় স্থলবন্দরের বিষয়ে এ পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।’ রামগড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আয়ুব আলী জানান, রামগড়ে স্থলবন্দর হলে রামগড় যেমন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাবে, তেমনি এই অঞ্চলের মানুষের ভাগ্যও পরিবর্তন হবে। রামগড় স্থলবন্দর হলে দেশ আর্থিকভাবে লাভবান হবে বলে তিনি মনে করেন।
জীর্ণশীর্ণ ল্যান্ড কাস্টমস অফিসারের কার্যালয়: রামগড় শহরের অভ্যন্তরে ডাকঘরের বিপরীত দিকে রামগড় ল্যান্ড কাস্টমস অফিসারের কার্যালয়টি অবস্থিত। কার্যালয়টি খুবই জীর্ণশীর্ণ, বছরের দু-এক দিন ছাড়া সব সময়ই বন্ধ থাকে। কার্যালয়টির ব্যাপারে কেউ তেমন তথ্য দিতে পারেননি।
কার্যালয়ের প্রতিবেশী গৃহবধূ সাহেলা বেগম জানান, পাঁচ-ছয় মাস পর হয়তো হঠাৎ একদিন কার্যালয়টি খোলা হয়। ফেনী থেকে কর্মকর্তারা এসে কার্যালয়টি খোলেন। এর বেশি কিছু তিনি তথ্য দিতে পারেননি।