স্থলবন্দরের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
স্থলবন্দরের দাবিতে মেহেরপুরে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলা এই মানববন্ধন জেলা শহরের বড় বাজার মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ হয়। কর্মসূচি চলাকালে মেহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শব্দযন্ত্রের মাধ্যমে বক্তাদের বক্তব্য শহরজুড়ে প্রচার করা হয়। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহরের সর্বস্তরের মানুষ।
মেহেরপুর প্রেসক্লাবের সামনে স্থাপন করা মঞ্চ থেকে বক্তব্য দিয়ে সব রাজনৈতিক দলের নেতারা এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও মেহেরপুরে স্থলবন্দর সাত বছরেও বাস্তবায়িত হয়নি।
মেহেরপুরের বুড়িপোতা ও মুজিবনগর—এই দুই স্থানে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই শেষে চার বছর আগে দেওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন নিকারের বৈঠকে অনুমোদন পায়। এ ছাড়া এখানে স্থলবন্দর হলে ভারত থেকে নানা ধরনের পাথর, সিরামিক ও সিমেন্ট আমদানি সহজ হবে বলে উল্লেখ করে কাস্টমস কর্তৃপক্ষের একটি প্রতিবেদন ১৫ বছর আগে প্রকাশ করা হয়। এর পরও এ স্থলবন্দর স্থাপনের কাজ ঝুলে রয়েছে। দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা উল্লেখ করেন।
সব সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মীদের কাজ বন্ধ রেখে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে এক ঘণ্টার ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।